
সিলেটের জৈন্তাপুরে পুলিশি অভিযানে একটি পর্যটকবাহী বাস থেকে বিপুল পরিমাণ চোরাচালানি কম্বল ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে তায়েফ পরিবহনের একটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসের ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭০টি কম্বল, ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ১০০ পিস বিভিন্ন ধরনের তেল উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে বাসটি থামানো মাত্রই সংশ্লিষ্ট চোরাচালান চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পুলিশের এ অভিযানে এলাকায় চোরাচালান বিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।