1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ঘোষণা ১৯টি

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে দাখিল করা ২৯টি মনোনয়নপত্রের মধ্যে ১০টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বাকি ১৯টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই শেষে বিভিন্ন কাগজপত্রের ঘাটতি, তথ্যগত অসঙ্গতি ও আইনগত ত্রুটির কারণে এসব মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
আসনভিত্তিক হিসেবে দেখা যায়— হবিগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩ আসনে একজন করে, হবিগঞ্জ-২ আসনে তিনজন এবং হবিগঞ্জ-৪ আসনে সর্বাধিক পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
হবিগঞ্জ-১ আসনে বাসদের প্রার্থী কাজী তোফায়েল আহমদ। হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমদ, বাসদের লোকমান আহমদ তালুকদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নোমান আহমদ সাদীক। হবিগঞ্জ-৩ আসনে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. শাহিনুর রহমান। হবিগঞ্জ-৪ আসনে মুসলিম লীগের শাহ মো. আল আমিন, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও সালেহ আহমদ সাজন এবং এবি পার্টির প্রার্থী মোকাম্মেল হোসেন।
উল্লেখ্য, গত ২৮ ও ২৯ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলার নয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রতিটি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকাও নির্ধারিত হয়েছে। হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী রেজা কিবরিয়া, জামায়াতে ইসলামীর মো. শাহজাহান আলী, খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলামসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। হবিগঞ্জ-২ আসনে ছয়জন, হবিগঞ্জ-৩ আসনে সাতজন এবং হবিগঞ্জ-৪ আসনে সর্বাধিক ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৯ হাজার ৯৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৩ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৮ লাখ ৯৬ হাজার ১৮০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৪ জন।
আসনভিত্তিক ভোটার সংখ্যাও চূড়ান্ত করা হয়েছে। নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে হবিগঞ্জ-২ আসনে ভোটার ৩ লাখ ৮৯ হাজার ২৯৯ জন। জেলা সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে হবিগঞ্জ-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৯১ জন। আর চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে সর্বাধিক ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন ভোটার রয়েছেন।
মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে হবিগঞ্জে নির্বাচনী মাঠ এখন চূড়ান্ত রূপ নিতে শুরু করেছে। আগামী দিনে প্রার্থীদের প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর