নবীগঞ্জে জায়গা-জমি সংক্রান্ত পারিবারিক কলহের জেরে সংঘটিত বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আজমল হোসাইন হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লা থেকে মামলার এজাহারনামীয় ২নং আসামি সেবু মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেবু মিয়া নবীগঞ্জ উপজেলার নিশাকুড়ি গ্রামের মৃত হানিফ উল্ল্যাহর পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম আজমল হোসাইন নবীগঞ্জ উপজেলার নিশাকুড়ি এলাকার বাসিন্দা।
তিনি প্রবাসে থাকাকালীন তার ক্রয়কৃত জমিসহ পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিগুলো তাকে না জানিয়ে তার ভাইয়েরা অন্যত্র বন্ধক দিয়ে নিজেদের মধ্যে অর্থ বণ্টন করে নেয়। দেশে ফিরে বিষয়টি জানতে পেরে আজমল হোসাইন বন্ধকী টাকা পরিশোধ করে জমিগুলো উদ্ধার করেন এবং নিজে চাষাবাদ শুরু করেন।
এতে বিবাদীগণ ক্ষুব্ধ হয়ে গত বছরে ২৫ জুন ভিকটিমকে তার দুই ভাই ও ভাতিজা মারধর করে। এ ঘটনায় ভিকটিম আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে বিবাদীগণ মামলা প্রত্যাহারের জন্য ভিকটিমকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত বছরের ৭ নভেম্বর জুম্মার নামাজ শেষে দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে মসজিদ থেকে বের হয়ে গেইটের সামনে রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে বিবাদীরা পরস্পর যোগসাজশে ধারালো চাকু দিয়ে ভিকটিমের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি হবিগঞ্জ জেলাসহ সারাদেশে প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আসামিদের গ্রেফতারে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল গত ৫ জানুয়ারি (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন চৌয়ারা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ২নং আসামি সেবু মিয়া (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নবীগঞ্জ থানার মামলা নং-১৫, তারিখ- ১৫/১১/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.