সিলেটের জৈন্তাপুরে সারী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট–তামাবিল মহাসড়ক সংলগ্ন সারীঘাট দক্ষিণপাড় বেদে বস্তি নামক ভাঙনকবলিত এলাকায় এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৩ জন শ্রমিকসহ একটি ট্রাক আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সরকারি আইন অমান্য করে কেউ যেন প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.