
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম স্থানে সিঙ্গাপুর। আর ৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ পাসপোর্টের।
বাংলাদেশের প্রেক্ষাপটে এবারের সূচক কিছুটা ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। গত বছরের তুলনায় পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন যা আগে ছিল ১০০তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই অগ্রগতি পর্যটন ও ব্যবসায়িক যাতায়াতের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিনটি পাসপোর্টই এশিয়ার তিন দেশের দখলে। হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর সর্বশেষ প্রতিবেদনে মঙ্গলবার (১৩ জানুয়ারি) শীর্ষ পাসপোর্টগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, প্রথম স্থানে সিঙ্গাপুর, যৌথভাবে দ্বিতীয় স্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশে দেশে ভ্রমণে কম বিধিনিষেধ, সীমান্তে ছোট লাইনে দ্রুত পার হওয়া-এই সুবিধাগুলো পেতে কিছু দেশের পাসপোর্ট অন্যগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী। খবর সিএনএনের।
শীর্ষস্থানগুলোর অবস্থান লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও রেসিডেন্সি পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এর তৈরি করা এই সূচকে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)–এর একচেটিয়া তথ্য ব্যবহার করা হয়েছে। সূচকে মোট ২২৭টি দেশ ও অঞ্চল বিবেচনায় নেয়া হয়।
সিঙ্গাপুরের পাসপোর্টধারী ব্যক্তি বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পাবেন। এশিয়ার অন্য দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা প্রত্যেকে ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার উপভোগ করবেন।
সমান স্কোর হলে হেনলি একাধিক দেশকে একই অবস্থানধারী হিসেবে গণনা করে। সে কারণে- তৃতীয় স্থানে সম্মিলিতভাবে রয়েছে ইউরোপীয় দেশ ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্ট ব্যবহার করে আলাদাভাবে ১৮৬টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে।
চতুর্থ স্থানে রয়েছে ইউরোপীয় ১০টি দেশ-অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। এসব দেশের পাসপোর্ট ব্যবহার করে আলাদাভাবে ১৮৫টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে।
পঞ্চম স্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্ট ব্যবহার করে আলাদাভাবে ১৮৪টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে।