
গ্রামীণ সড়কে অপ্রাপ্তবয়স্ক কিশোরের হাতে মাটি বহনকারী ট্রাক্টরের স্টিয়ারিং দেখে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, একটি ট্রাক্টরের বিপুল পরিমাণ মাটি বোঝাই করে সড়ক দিয়ে চলাচল করছে যানটি। আর সেই ভারী যানবাহনটি চালাচ্ছে এক অপ্রাপ্তবয়স্ক কিশোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষ চলাচল করেন। এমন অবস্থায় প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্স ছাড়া কিশোরদের দিয়ে ভারী যান চালানো মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসী জানান, অনেক সময় এসব ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল করে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে স্কুলে যাতায়তকারী শিশু শিক্ষার্থীরা ঝুকিতে আছেন।
আইন অনুযায়ী, ভারী যানবাহন চালানোর জন্য নির্দিষ্ট বয়সসীমা পূরণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই এসব নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা বলেন,
প্রতিদিন এই রাস্তায় স্কুলের ছেলে-মেয়েরা চলাচল করে। অপ্রাপ্তবয়স্ক দিয়ে ট্রাক্টর চালানো খুবই বিপজ্জনক। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রেজাউল করিম বলেন, অনুমতি বিহীন মাটি কাটার সুযোগ নেই। এব্যপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হবে।
সচেতন মহল বলছে, শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা।