
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি পৃথক অভিযান পরিচালিত হয়েছে।
এসব অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৫টি নৌকা ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারী) রাত ১১টা থেকে মঙ্গলবার (২০ জানুয়ারী) রাত ১টা পর্যন্ত উপজেলার সারীঘাট ডৌডিক এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে তিনটি ট্রাক আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ট্রাকগুলোর চালকদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযান শেষে আটক ট্রাক ও বালু ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলির জিম্মায় হস্তান্তর করা হয়।
এরপর মঙ্গলবার সকালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকার রাংপানি কলেজের পেছনে এ অভিযান চলে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৫টি নৌকা কেটে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। অভিযানে ৪৮ বিজিবির অধীন শ্রীপুর বিওপির সদস্যরা এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।