জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় এসআই জাকিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি পর্যটকবাহী হাইয়েজ গাড়ি (ঢাকা মেট্রো-চ-১৬-৪৮৬৭) তল্লাশি চালায়।
তল্লাশিকালে গাড়িটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ওরিও বিস্কুট, কিটক্যাট চকলেট, ফরচুন বাশমতি চাল, সাফারি চকলেট, ডেইরি মিল্ক চকলেট।উদ্ধারকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭৯ হাজার টাকা।
এ ঘটনায় মতিন মোল্লা (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর জেলার কাশিমপুর থানার লোহাকুর গ্রামের ছোবাহান মোল্লার ছেলে। পুলিশ জানায়, তিনি এসব পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.