সিলেটের জৈন্তাপুরে পুলিশের নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় সিলেট তামাবিল মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় পর্যটকবাহী তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চোরাই পণ্যসহ একজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মনির হোসেন (৪০)। তিনি ঢাকার ডেমরা থানা এলাকার তৈয়ব আলীর ছেলে। তার হেফাজত থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় চকলেট, কসমেটিকস, হেয়ার অয়েল, মেহেদী ও মসলা জব্দ করা হয়, যেগুলোর মোট আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, জব্দকৃত এসব মালামাল ভারত থেকে অবৈধভাবে এনে বাংলাদেশ সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন ও সংরক্ষণ করা হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কঠোরভাবে অব্যাহত থাকবে।
তিনি বলেন- গ্রেপ্তার আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.