
সিলেট-৪ আসনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে দেশের একটি বিশাল জনপদের মানুষ পরিকল্পিত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে। যার অন্যতম উদাহরণ হচ্ছে এই জৈন্তাপুর উপজেলা। বিগত সরকার উন্নয়নের বড় বড় বুলি আওড়ালেও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তারা কর্ণপাত করেনি। তারা ব্যস্ত ছিল এই জৈন্তাপুরের সম্পদ লুটপাট করতে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপি গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, অবহেলিত জনপদ জৈন্তাপুরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবার অবস্থা এখনো নাজুক।
১৭ বছর একটি দীর্ঘ সময়, কিন্তু এই সময়ে জনস্বার্থকে প্রাধান্য না দিয়ে কেবল রাজনৈতিক ফায়দা লুটতেই ব্যস্ত ছিল একটি গোষ্ঠী। তারা সাধারণ মানুষের প্রকৃত ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে গুম, হত্যা, নির্যাতনকারী ও বাকশালী ফ্যাসিস্টদের তাড়াতে আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি বিগত ১৭ বছর জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী দল ও দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছেন।
ঐতিহাসিক জুলাই আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, এদেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ করে দিয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা শহীদ ও পঙ্গুত্ব বরণ করেছে। এবারের ভোট উৎসব হবে জুলাইয়ের শহীদদের সম্মান ও স্মরণে। সুন্দর পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ভোটারদের কেন্দ্রে আনতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জৈন্তাপুর উপজেলার পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আসুক, সহ-সভাপতি নিজাম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও এবিএম জাকারিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর,ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারিছ উদ্দিন,কৃষকদলের আহবায়ক আব্দুল করিম, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহমল হোসেন, সদস্য ফয়সল আহমদ এবং জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।