
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাওরবেষ্টিত হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে ধানের শীষ প্রতীকের জনসমর্থনের ঢেউ। জনসভা, মিছিল আর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে যেন নতুন আশার আলো দেখছে অবহেলিত এই জনপদ।
বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের সমর্থিত প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, “সারাদেশে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার শক্তিশালী প্রতিধ্বনি আজ বানিয়াচং–আজমিরীগঞ্জেও স্পষ্ট। এই দুই উপজেলার মানুষ দীর্ঘদিন অবহেলা আর বঞ্চনার শিকার। আপনারা আমাকে বিজয়ী করলে, এই জনপদের উন্নয়নের পূর্ণ দায়িত্ব আমি কাঁধে তুলে নেব।”
শুক্রবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন ও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব এবং যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মুরাদ।
বক্তারা বলেন, বানিয়াচং–আজমিরীগঞ্জের মানুষ এখন পরিবর্তন চায়, চায় ন্যায়ভিত্তিক উন্নয়ন ও মর্যাদাপূর্ণ জীবন। সেই আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে ধানের শীষ। এই প্রতীক মানেই মানুষের অধিকার, ভোটের মর্যাদা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মুফতি আমির আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভা শুরুর আগেই বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ধানের শীষ প্রতীকের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল এসে মিলিত হয় সভাস্থলে। মুহূর্তেই মিলনায়তন ও আশপাশের এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা—যেন মানুষ তাদের দীর্ঘদিনের জমে থাকা প্রত্যাশা আর বিশ্বাসের কথা প্রকাশ করছে।