
হাওরাঞ্চলের বানিয়াচংয়ে নির্বাচনী উত্তাপের মধ্যেই এক আবেগঘন জনসভায় মানুষের আশা–আকাঙ্ক্ষার কথা তুলে ধরলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের যৌথ প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন।
রোববার সন্ধ্যা ৬টায় বানিয়াচং উপজেলার ১৩ নং মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জীবন বলেন,
“আজ আমাদের শিক্ষিত তরুণেরা কাজের অভাবে জীবন বাজি রেখে ইউরোপের পথে পা বাড়াচ্ছে। কেউ সাগরে ডুবে মরছে, কেউ নিখোঁজ হচ্ছে—এর দায় রাষ্ট্রের নয় কি?”
তিনি বলেন, বেকারত্ব আজ তরুণ সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে সেই দিশাহারা তরুণ প্রজন্মের জন্য সম্মানজনক কর্মসংস্থানের দরজা খুলে দেওয়া হবে ইনশা আল্লাহ।
ডা. জীবন আরও বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি কথা দিচ্ছি—শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সব খাতে চলমান অনিয়মের লাগাম টেনে ধরব। যোগাযোগ খাতে আর পার্সেন্টিজ বাণিজ্য চলতে দেওয়া হবে না।”
দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা দেন,
“আমি নিজে দুর্নীতি করব না, কাউকেও দুর্নীতি করতে দেব না। ক্ষমতার লোভ নয়, আমি আজীবন আপনাদের একজন সেবক হয়ে থাকতে চাই। আমার প্রতিটি কাজে থাকবে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা—ইনশা আল্লাহ।”
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী রফিক মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আনসারীর সঞ্চালনায় আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন কাজী জুলহাস, আশরাফ উদ্দিন, আব্দুর রব, নুরুল হুদা, সফিক মেম্বার, ফিরুজ মিয়া, আব্দুল মিয়া, তাইদুল মেম্বার ও নুরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় বিপুল সংখ্যক নারী–পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—পরিবর্তনের প্রত্যাশায় মুখিয়ে আছে বানিয়াচংবাসী।