
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
তিনি ১১ দলীয় জোটের ঘড়ি প্রতীকের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)-কে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী আসনটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
অফিস সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের ১০৬টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন পেয়েছেন ৯০ হাজার ৭৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা আব্দুল বাছিত আজাদ (ঘড়ি প্রতীক) পেয়েছেন ৫১ হাজার ৮৩৪ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসার আহমেদ রুপক (ফুটবল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৩৬৫ ভোট, জাতীয় পার্টির অ্যাডভোকেট আব্দুল মোক্তাদির (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৬৯৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের লোকমান আহমেদ তালুকদার (মই প্রতীক) পেয়েছেন ৪০০ ভোট।
অপরদিকে, আজমিরীগঞ্জ উপজেলার পৌরসভাসহ ৪৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে পড়েছে ৩৫ হাজার ১৯৩ ভোট এবং ঘড়ি প্রতীকে ১৩ হাজার ১৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী আফসার আহমেদ রুপক (ফুটবল) পেয়েছেন ৪৬৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মোক্তাদির (লাঙ্গল) পেয়েছেন ২৩৭ ভোট এবং লোকমান আহমেদ তালুকদার (মই) পেয়েছেন ৪১ ভোট।
দুই উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রাপ্ত ভোট দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৯৮১ এবং ঘড়ি প্রতীকে ৬৪ হাজার ৮৫১ ভোট। ফলে ধানের শীষ প্রতীক ৬১ হাজার ১২০ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।
অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আফসার আহমেদ রুপক (ফুটবল প্রতীক) মোট পেয়েছেন ১ হাজার ৮২৯ ভোট, জাতীয় পার্টির অ্যাডভোকেট আব্দুল মোক্তাদির (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৯৩১ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের লোকমান আহমেদ তালুকদার (মই প্রতীক) পেয়েছেন ৪৪১ ভোট।
হবিগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৬৩ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৫৯০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। বানিয়াচং উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৬৩ জন এবং আজমিরীগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ৯৯ হাজার ৮৫৬ জন। আসনটিতে মোট স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি।