
পবিত্র রমজান মাস উপলক্ষে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন-এর উদ্যোগে বানিয়াচংয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় জনাব আলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, আলেম-ওলামা, সুধীজন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরে মুসলিমদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্যও পৃথকভাবে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়, যা উপস্থিতদের মধ্যে প্রশংসিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, তিনি জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান সৎ ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে দিতে চান। তিনি বলেন, “আমি চাই কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে। নির্বাচনে আপনারা যে সমর্থন ও সহযোগিতা দিয়েছেন, সে জন্য আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ড প্রবর্তন, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং কৃষকদের কৃষিঋণ মওকুফের ঘোষণার মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে গউছ। এছাড়া বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি এখলাছুর রহমান রিয়াদ।
উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন ও মাওলানা শেখ বশির আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী।
ইফতার মাহফিলে বিএনপির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জমিয়ত ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।