
সিলেটের জৈন্তাপুর উপজেলায় রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর পাড় ধসে বালুচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ০১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ ভোর আনুমানিক ৪টার দিকে জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফিটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই বালুর নিচে চাপা পড়েন এক শ্রমিক।
নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি আব্দুল করিমের ছেলে এবং আসামপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পেশায় পরিবহন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার সময় তিনি ভাঙনকবলিত অংশের পাশে অবস্থান করছিলেন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, অবৈধ বালু উত্তোলনের সময় পাড় ধসে বালুচাপায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।