
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের বড়গাঙ নদীর রুপচেং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি বালুভর্তি নৌকা ডুবিয়ে দেওয়া হয় এবং অপর একটি নৌকার বালু ঘটনাস্থলেই রেখে দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ইউএনও’র গাড়ি দেখতে পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা নৌকা ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ফসলি জমি ও নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট করে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে কেউ অবৈধ বালু উত্তোলনে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।