
ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রধানমন্ত্রী হওয়া কামনায় আজমিরীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন-এর উদ্যোগে শনিবার (৫ মার্চ) বিকাল ৫টায় আজমিরীগঞ্জ পৌরসভার শাহী ঈদগাহ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, আলেম-ওলামা, সুধীজন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি ধানের শীষ প্রতীকের বিজয় এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
মুসলিমদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্যও পৃথকভাবে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়, যা উপস্থিতদের মধ্যে প্রশংসিত হয়।
মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হাবিব।