সিলেটের জৈন্তাপুরে মডেল থানা পুলিশের চেকপোস্ট অভিযানে প্রায় ২ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৭টা ৫৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে পুলিশ এসব পণ্য জব্দ করে।
জৈন্তাপুর মডেল থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি যাত্রীবাহী বিএমএফ বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১২-৩০২৪) তল্লাশি করা হয়। তল্লাশির সময় বাস থেকে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ২ লাখ ৭২ হাজার ৮৪৫ টাকা।
পুলিশ জানায়, ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে শুল্ক ও কর ফাঁকি দিয়ে দেশে এসব পণ্য এনে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাকিব মিয়া বাবু (২১), পিতা: মো. হারুন হাওলাদার, স্থায়ী ঠিকানা পূর্ব বকুলতলী, কাজিরাবাদ ইউনিয়ন, বেতাগী, বরগুনা; বর্তমানে কাঠগড়া বাজার, আশুলিয়া, ঢাকা এবং রাকিবুল ইসলাম (২৫), পিতা: আব্বাস আলী, বাড়ি বিন্নিবাড়ী, ৬নং ঠাকুরকান্দি ইউনিয়ন, নালিতাবাড়ী, শেরপুর; বর্তমানে কাঠগড়া, আশুলিয়া, ঢাকা।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত রবিউল ইসলাম (৪০) নামের অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় থানায় জব্দ রাখা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামিকে বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.