সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে উত্তোলন করে মজুত করা বালুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ২৫টি বালুর স্তূপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ৪ নং বাংলাবাজার ইউনিয়নের রাংপানি এলাকায় ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের পেছনে অবস্থিত একটি বালু ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে সেখানে মজুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ২৫টি বালুর স্তূপ জব্দ করা হয়।
জব্দকৃত বালু পরবর্তীতে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করার পর সরকারি বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে প্রশাসন জানিয়েছে।
অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময় ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.