
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) মোহাম্মদ বদরুল হক, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান, সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম লস্কর ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকীসহ প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সারী নদীর লালাখাল সারী-৩ বালুমহাল সংক্রান্ত বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারিসহ জেলার অন্যান্য পাথর কোয়ারি ও বালুমহাল থেকে সনাতন পদ্ধতিতে উত্তোলনের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জৈন্তাপুর উপজেলার জরাজীর্ণ সড়কসমূহ পর্যায়ক্রমে সংস্কার করা হবে। এছাড়া এলাকায় স্থায়ী সিএনজি স্টেশন স্থাপন এবং দরবস্ত এলাকায় একটি মিনি ট্রাক টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
পরিবেশ সুরক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, অবৈধভাবে জমির মাটি কর্তন এবং পাহাড়-টিলা ধ্বংসের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জোরদার করা হবে। একই সঙ্গে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সভায় মাদক নির্মূল ও পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রী স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আগাম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় নগদ অনুদান প্রদান করেন। একইসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে অসহায় পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়।