
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল (সারী-৩) এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ১০টি নৌকা ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। ঘটনাস্থল থেকে একজন ব্যক্তিকে আটক করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।