
হবিগঞ্জের বানিয়াচংয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আসবাবপত্রসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গত শনিবার বিকেল ৫টায় উপজেলা সদরের প্রথমরেখ গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নূর খাঁর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও বিপত্তি ঘটে রাস্তার প্রশস্ততা নিয়ে। সড়ক অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িটি দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরবর্তীতে এলাকাবাসীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা ফ্রিজসহ মূল্যবান আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে। বর্তমানে তারা সহায়-সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।