
আজমিরীগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
পুনঃখননের আওতায় রয়েছে জলসুখা ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে চুরখাই খাল এবং নলাই নদী হতে দারগা খাল পর্যন্ত অংশ। দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল, ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়তে হচ্ছিল স্থানীয় কৃষকদের।
মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হচ্ছে। চলতি বছরের মধ্যে আরও অনুদান আসবে। তবে প্রতিটি কাজ যেন মানসম্মত ও টেকসই হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা জনগণের সেবা করার জন্য নির্বাচিত হয়েছি। উন্নয়ন কর্মকাণ্ড কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, বরং দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, খাল পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং ইজিপিপি কর্মসূচির মাধ্যমে অতিদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রেজাউল করিম। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।