
নতুন বছরের আগমনে উৎসবমুখর পরিবেশে সিলেটের তামাবিল হাইওয়ে থানায় পালিত হয়েছে নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় পহেলা বৈশাখ।সকালের প্রথম প্রহর থেকেই থানার প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
পুলিশ সদস্যরা ঐতিহ্যবাহী আয়োজনের অংশ হিসেবে পান্তা-ভাতসহ বিভিন্ন বাঙালি খাবারে অংশ নেন। ব্যস্ত দায়িত্বের মাঝেও তারা একে অপরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে আনন্দঘন সময় কাটান। পরে মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থানার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
সিলেট রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিমের দিক-নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী। সমাপনী বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এমন আয়োজন পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়।
দিনব্যাপী এ আয়োজনে থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাপনী ঘোষণার মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটে।