
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ সড়কগুলো এখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। খানাখন্দে ভরা ও কাদায় ডুবে থাকা এসব সড়কে চলাচল যেন প্রতিদিনই এক দুর্বিষহ অভিজ্ঞতায় পরিণত হচ্ছে। শিক্ষার্থী, কৃষক, রোগী ও ব্যবসায়ী—সকল শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।
এ প্রেক্ষাপটে সড়কগুলোর দ্রুত উন্নয়ন ও পাকাকরণের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর ডা. সাখাওয়াত হাসান জীবন। সম্প্রতি মন্ত্রণালয়ে প্রেরিত এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা সত্ত্বেও তার নির্বাচনী এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এখনও উন্নয়নের বাইরে রয়ে গেছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব সড়ক এখন প্রায় অচল হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদার সাগরে পরিণত হয়, আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। ফলে শিক্ষা, চিকিৎসা ও বাণিজ্যিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এলাকার সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
সংসদ সদস্য অগ্রাধিকার ভিত্তিতে যেসব সড়কের উন্নয়ন জরুরি বলে উল্লেখ করেছেন, সেগুলো হলো—
বানিয়াচং জিসি-মার্কুলী (কাদিরগঞ্জ) সড়ক
বানিয়াচং জিসি-কুমড়ি দুর্গাপুর হয়ে ভায়া জনাব আলী কলেজ ও বিথঙ্গল জিসি সড়ক
বানিয়াচং জিসি-সুজাতপুর ভায়া গার্লস স্কুল, মন্দরী ইউপি হয়ে উত্তর-দক্ষিণ সংযোগ সড়ক
হবিগঞ্জ-সুজাতপুর (টুপিয়াজুড়ি) হয়ে বিথঙ্গল জিসি ভায়া আগুয়া সড়ক
তিনি জোর দিয়ে বলেন, এসব সড়ক দ্রুত পাকাকরণ করা হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
এদিকে, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা—এই উদ্যোগ যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে দ্রুত বাস্তবায়িত হয় এবং দীর্ঘদিনের সড়ক দুর্ভোগ থেকে মুক্তি পায়।