সুনামগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) ড.মোহাম্মদ ইলিয়াস মিয়াকে প্রত্যাহার খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সচেতন নাগরিকবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসুচি পালন উপলক্ষ্যে তাৎক্ষনিকভাবে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও সুনামগঞ্জ গীতিকার সমিতির আহবায়ক গীতিকবি নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। সাংবাদিক আফতাব উদ্দিন পরিচালিত সভায় বক্তব্য দেন জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাধারণ সম্পাদক জুলাইযোদ্ধা শেখ এমদাদুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, অতি গুরুতর জুলাইযোদ্ধা মো. জহুর আলী, সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন প্রমুখ। সভায় বক্তারা ইতিমধ্যে বদলীর আদেশ পাওয়া বিতর্কিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার বিভিন্ন নেতিবাচক কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন।
পরে মিষ্টি বিতরণ করে আনন্দ মিছিল করা হয়। এদিকে, ডিসি ইলিয়াস মিয়া প্রত্যাহার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকজুড়ে তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে।
উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার বর্তমান ডিসিকে প্রত্যাহার করে সেখানে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাকে তাঁদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পরবর্তী পদায়নের লক্ষ্যে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।একই সময়ে জারি করা অপর এক আদেশে সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন পেয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.