
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে তিনজন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া এলাকার হাওরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মোতালেব মিয়া (৩৫), আরিফ মিয়া (৩৫) ও সোহেল আহমদ (৪০)। তারা সবাই পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা এবং মৌসুমি শ্রমিক হিসেবে হাওরে ধান কাটতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে ধান কাটার কাজে নিয়োজিত থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তিনজনই আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, বিকেলের বজ্রপাতের ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।