হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণের লক্ষ্যে জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগ ও অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুর ১২টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আবু হামিদ মুমসাদ হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি কাজী মুফতি আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসডি মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমেদ।
বক্তারা বলেন, নৈতিক শিক্ষা প্রদানের সবচেয়ে উপযুক্ত সময় শৈশবকাল। এই সময়েই যদি শিক্ষার্থীদের মধ্যে সততা ও দায়িত্ববোধের চর্চা গড়ে তোলা যায়, তবে তারা ভবিষ্যতে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই চালু করা হয়েছে এই ‘সততা স্টোর’। যেখানে নেই কোনো বিক্রেতা কিংবা তদারকি। দোকানে থাকা প্রতিটি পণ্যের নির্ধারিত মূল্য উল্লেখ থাকবে, আর শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য নিয়ে নির্দিষ্ট বক্সে মূল্য জমা দেবে। এই স্বনিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্য দিয়েই শিক্ষার্থীদের মধ্যে সততা, জবাবদিহিতা ও আত্মসম্মানের বোধ জাগ্রত হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাজ্জাদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল আতাউর রহমান, সহকারী শিক্ষক ফুল মিয়া, আকিকুর রহমান, সামছুন্নাহার বেগম, শাহনাজ আক্তার, লালন মিয়া, ফাতেহা আক্তার, আয়েশা সিদ্দিকাসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.