
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শুক্রবার (২৬ জুন) সিলেটের জৈন্তাপুর উপজেলায় একাধিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিতে তিনি স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।দিনের কর্মসূচির শুরুতে সকাল ১০টায় মন্ত্রী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর বিশেষ তহবিল থেকে হাসপাতালের জন্য একটি ইসিজি মেশিন ও একটি আইপিএস প্রদান করা হয়। পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড ও সেবাকক্ষ ঘুরে দেখেন।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
পরে সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর বিয়াম ল্যাবরেটরি স্কুলে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর আওতায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।
তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন এবং নিজ হাতে একটি চারা রোপণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়াও মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জৈন্তাপুরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষি উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
একই অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ, বন্যাকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিটস বিতরণ এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন প্রদান করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) ও উপসচিব (ভারপ্রাপ্ত) মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) উছমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।