পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুবসেনা, শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে নাতে রাসুল (দ.), আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ মদিনা ফার্নিচার প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি যুবনেতা মুহাম্মদ রুয়েল খান আশরাফুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কারবালার মর্মান্তিক ঘটনার শিক্ষা, ত্যাগের আদর্শ এবং পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু হানিফ। তিনি বলেন, “পবিত্র আশুরা আমাদের সত্য, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। হযরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন অনুপ্রেরণা। বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শ ধারণ করে দেশ, সমাজ ও মানবকল্যাণে আত্মনিয়োগ করতে হবে।”
সভাপতির বক্তব্যে মুহাম্মদ রুয়েল খান আশরাফুল বলেন, “কারবালার শিক্ষা ধৈর্য, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশ ইসলামী যুবসেনা ইসলামের শান্তি, সম্প্রীতি ও মানবতার বাণী সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র আশুরার এই দিনে আমরা অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ এবং শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গল কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি মাসুদ আহমেদ, মোহাম্মদ সুহেল আহমদ, মাওলানা রুহুল আমিন কাদরী, মোল্লা শাকির আহমদ মাসুম, মোহাম্মদ মুক্তার মিয়া ও মোহাম্মদ মতিউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা দেওয়ান রায়হান, মো. সুমন, সমাজকর্মী সৈয়দ রুবেল, ব্যবসায়ী সোহাগ, মুহাম্মদ জসিম, মোহাম্মদ হাবিব মিয়া, মোহাম্মদ ইয়াকুব খান, মোহাম্মদ মুস্তাকিম আলী, মোহাম্মদ ছালেহ আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শেখ মাহফুজুর রহমান মামুন, হুমায়ুন রশিদ সাদি, মোহাম্মদ আব্দুল জলিল, মোল্লা সারওয়ার আহমেদ ফাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.