জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান সংকটের মধ্যে প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের অন্যতম বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যা পৃথিবীর সব মানুষের মোট ওজনের চেয়েও বেশি। উৎপাদিত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার (রিসাইকেল) করা সম্ভব হলেও বাকি অংশ মাটি, নদী ও সমুদ্রে জমে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এমন প্রেক্ষাপটে নতুন প্রজন্মকে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে পরিবেশবাদী সংগঠন ‘ইকো ক্রাফট শ্রীমঙ্গল’ একটি বিশেষ সচেতনতামূলক সেশনের আয়োজন করে।
সম্প্রতি শ্রীমঙ্গলের বিষামনি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সেশনে নবম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সেশনে প্লাস্টিকের দীর্ঘ আয়ুষ্কাল, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর এর ক্ষতিকর প্রভাব এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা ও বাস্তবায়নে ‘ইকো ক্রাফট শ্রীমঙ্গল’-এর সদস্য এ কিউ এম নাঈম আর রহমান, ফাতেমা বেগম, মোছা. তিন্নি আক্তার, মো. রেজাউল করিম, মো. মিহাদ হাসান, কংকা পাল এবং মো. শাহেদ আহমেদ রানা সক্রিয় ভূমিকা পালন করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে প্লাস্টিক দূষণ রোধে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.