
লাখাইয়ে যোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় সমসু মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের শালদিঘা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সমসু মিয়া উপজেলার শালদিঘা গ্রামের মৃত হিরাই মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে লাখাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আরিফ মিয়া সহ তিন আরোহী মোটরসাইকেলযোগে উপজেলার কালাউক থেকে একটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে মোটরসাইকেলটি শালদিঘা এলাকায় পৌঁছালে বৃদ্ধ সমসু মিয়ার সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলের।
এতে সমসু মিয়া মারত্মক জখম হন এবং মোটরসাইকেলে থাকা সাবেক ভাইস চেয়ারম্যানসহ অপর দুই আরোহীও আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা গুরুতর আহত সমসু মিয়াকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সুত্রে যানা গেছে সিলেটে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।