
লাখাই উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক দরিদ্র সবজি চাষির রোপণকৃত প্রায় ৫০ থেকে ৬০টি ফলজ সবরি কলাগাছ কেটে ধ্বংস করেছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার গভীর রাতে লাখাই উপজেলার বুল্লা গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে।
ফলজ গাছের প্রতি এমন চরম নির্মমতায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
ক্ষতিগ্রস্ত দরিদ্র চাষি সুজন মিয়া জানান, তিনি ধারদেনা করে বাড়ির পাশে এসব সবরি কলার চাষ করেছিলেন।
গাছগুলোতে ফলন আসার পথে ছিলো কিন্তু পূর্ব বিরোধের জেরে গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর কষ্টার্জিত বাগানের সবকটি কলাগাছ কেটে ফেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে ওই চাষি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন সুজন, এ সময় বাগানের দিকে তিনি নিজের হাতের টর্চলাইটের আলো ফেললে দেখতে পান—পূর্ব শত্রুতা থাকা এলাকার চিহ্নিত ৩ ব্যক্তি দ্রুত পালিয়ে যাচ্ছে। পরে স্থানীয়দের বিষয়টি অবগত করেন তিনি।
বাগানের এই নির্মম ধ্বংসযজ্ঞ দেখে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী ওই দরিদ্র পরিবারটি। কলার ফলন্ত গাছগুলো এভাবে কেটে ফেলায় তাঁদের লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে এবং পরিবারটি এখন নিঃস্ব হওয়ার পথে।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, মানুষের সাথে বিরোধ থাকতে পারে, কিন্তু ফলজ গাছের সাথে এমন শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই ঘটনার প্রতিকার ও জড়িতদের বিচার চেয়ে ভুক্তভোগী চাষি বাদী হয়ে ৩ ব্যক্তির নাম উল্লেখ করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন বরে যানা গেছে।