বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, সবার প্রিয় মুখ মোহাম্মদ মোস্তফা মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অসুস্থ অবস্থায় সিলেটে নেওয়ার পথে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গ্যানিংগঞ্জ বাজারসহ পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আদারবাড়ি হোসাইনিয়া ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শোকাহত স্বজন, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় মরহুমের স্মৃতিচাণ করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা শায়খ মখলিছুর রহমান, প্রিন্সিপাল আব্দাল হোসেন খান, মাওলানা আব্দুল জলিল ইউসুফি, চেয়ারম্যান আরফান উদ্দিন, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ব্যবসায়ী নেতা আব্দুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
মোহাম্মদ মোস্তফা মিয়া ছিলেন সততা, বিনয় ও মানবিক গুণাবলির উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে গ্যানিংগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কল্যাণে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। ব্যবসায়ী সমাজের সুখ-দুঃখে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। তার মৃত্যুতে শুধু একটি সংগঠন নয়, পুরো বানিয়াচং হারিয়েছে
একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনদরদি অভিভাবককে।
মরহুমের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.