
সিলেটের ওসমানীনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শেখ ফয়ছল এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু একই মঞ্চে উপস্থিত থাকাকে কেন্দ্র করে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের নেতা হিসেবে পরিচিত শেখ ফয়ছলকে সরকারি অনুষ্ঠানের মঞ্চে স্থান দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলুর তাঁর পাশে বসাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।
সমালোচকদের দাবি, রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের সরকারি কর্মসূচির মঞ্চে অন্তর্ভুক্ত করা সরকারি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও প্রশাসনিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রয়োজন বলেও তারা মনে করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা
ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ফেসবুকে একাধিক ব্যবহারকারী অনুষ্ঠানের ছবি প্রকাশ করে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শেখ ফয়ছল এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলুর একই মঞ্চে উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।
বিভিন্ন পোস্টে “দলে লীগদোসর মিলে একাকার” শিরোনামে ছবি শেয়ার করা হয়। আবার কেউ কেউ ছবিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্ট স্থানীয় পর্যায়েও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মন্তব্য ও দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া ফ্যাসিবাদের দোসর লীগ নেতা শেখ ফয়ছল ও বিএনপি নেতা ইমাদ উদ্দিন লিলুর বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ওসমানীনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য ছিল কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে উদ্বুদ্ধ করা এবং উৎপাদন বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
দৈনিক/প্রথম/সিলেট/ওসমানীনগর/এম