
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে বুধবার (০৫ আগস্ট) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম-সেবা), সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ক, খ ও গ গ্রুপে আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও জাতীয় ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।