স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা দ্রুত বাস্তবায়ন, এলাকার সার্বিক উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবুল হাসিম।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় ঢাকার পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আবুল হাসিম জৈন্তাপুর উপজেলার সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।
এ সময় আবুল হাসিম জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়িত হলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের আগ্রহের কথাও মন্ত্রীকে জানান।
আলোচনাকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর প্রস্তাবিত পৌরসভা দ্রুত বাস্তবায়নসহ এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান আবুল হাসিম।
সাক্ষাৎ শেষে আবুল হাসিম বলেন, জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে তিনি ভবিষ্যতেও কাজ করে যেতে চান। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও ফলপ্রসূ আলোচনায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.