সুনামগঞ্জের মধ্যনগরে বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উক্ত সমিতির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন।সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আশরাফুজ্জামান এবং গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক মাখন মহানায়ক। সভায় বক্তব্য দেন মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহীন উদ্দিন, আবিদনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার, বলরামপুর মাদ্রাসার শিক্ষক হিরণ মিয়া, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হিমেল মিয়া সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। সভায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী সভাপতি এবং গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত সুপার নোয়াগাঁও দাখিল মাদ্রাসা, সহ-সাধারণ সম্পাদক নিউটন তালুকদার (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একতা উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক সাবেরিন আহমেদ (লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ), সহ-সাংগঠনিক সম্পাদক সাজল মিয়া (আবিদনগর উচ্চ বিদ্যালয়) এবং কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম (মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়)।
নবগঠিত সভাপতি সহকারী অধ্যাপক গোলাম জিলানী বলেন, “শিক্ষক-কর্মচারীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও শক্তিশালী করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেন, “শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরে এবং সংগঠনের সকল সদস্যগণকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও ঐক্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চাই।”
সভায় জানানো হয়, সমিতির পূর্ণাঙ্গ কমিটি ৩৫ সদস্যবিশিষ্ট হবে এবং পরবর্তীতে কমিটির অন্যান্য সদস্য ও পদ ঘোষণা করা হবে। সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.