বিজিবি শ্রীমঙ্গল ও হবিগঞ্জ ব্যাটালিয়ন, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকাল ৩টায় শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ মালামাল পাচারের তথ্যের পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মাহবুবুল হক। সাথে জেলা প্রশসনের পক্ষে শ্রীমঙ্গল সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে জানা গেছে।
অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এসব মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়।
জব্দকৃত অবৈধ মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.