সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় সিগারেট, গরু, চা-পাতা ও একটি টাটা পিকআপ।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, ২৪ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-১৩০৯ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিলেটের কানাইঘাট উপজেলার বরবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯০০ প্যাকেট ভারতীয় সিগারেট ও একটি টাটা পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ৪৯ লাখ ৫০ হাজার টাকা।
এ ছাড়া ২৪ ও ২৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু ও ১৩১ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।
বিজিবির পৃথক এসব অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ৫৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.