লাখাইয়ে জমিতে হালচাষ করার ট্রাক্টর উল্টে মো. মুখলেস মিয়া (২৮) নামের এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার বামৈ ইউনিয়নের কালাউক বাজার ও বামৈ গ্রামের মধ্যবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মুখলেস মিয়া উপজেলার ভাদিকারা গ্রামের মো. খাজা মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল ৩টার দিকে কালাউক বাজার ও বামৈ গ্রামের মধ্যবর্তী স্থানে হালচাষের একটি ট্রাক্টর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালক মুখলেস মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.