মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের একটি সেকশনে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা-বাগানের ৯ নম্বর সেকশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মিলন তাঁতী (২৮) ও কাজল রাজগড় (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুই যুবককে আটক করে তাদের হেফাজত থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে DOT KEY Vitamin C+E Super Bright Gel Face Wash ১৪০ পিস, DOT KEY Vitamin C+E Super Bright Sunscreen Water-Light Fluid ৫২ পিস, MARS BB Cream ১০০ পিস, MARS Kohl of Fame Kajal ৫০ পিস, Garnier Bright Complete Vitamin C+ Face Wash ১০০ পিস এবং 1% Salicylic Acid Oil-Free Daily Face Moisturizer ৩০ পিস।
পুলিশ জানিয়েছে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, এসব প্রসাধনী সামগ্রী শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের মৌলভীবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.