মহাসড়ক ৪ লেনে উন্নীতের খবরে উচ্ছ্বাস: লাখাইয়ের বুল্লা বাজারে আন্ডারপাস
হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের সরকারি উদ্যোগে উচ্ছ্বসিত লাখাই উপজেলার সর্বস্তরের বাসিন্দা।
তবে এই ব্যাপক উন্নয়নের পাশাপাশি জননিরাপত্তার বিষয়টি নিয়ে চরম উদ্বেগ ও চিন্তায় পড়েছেন লাখাইয়ের সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র ঐতিহ্যবাহী বুল্লা বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।
মহাসড়কটি চার লেনে বাস্তবায়নের পর তীব্র যানজট ও মারাত্মক দুর্ঘটনা এড়াতে বাজারের ব্যস্ততম চৌরাস্তা এলাকায় একটি আন্ডারপাস (পাতাল সড়ক) নির্মাণের জোর দাবি জানিয়েছেন তাঁরা।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রস্তাবিত চার লেন মহাসড়কটির ঠিক দুই পাশ ঘিরেই ঐতিহ্যবাহী বুল্লা বাজারের অবস্থান। বাজারের মূল বাণিজ্যিক অংশটি রাস্তার উত্তর পাশে অবস্থিত হলেও দক্ষিণ পাশে রয়েছে অন্তত চার থেকে পাঁচটি জনবহুল গ্রাম।
ফলে প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ মানুষকে জীবন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই মহাসড়ক পারাপার হতে হয়। শুধু তা-ই নয়, এই রাস্তা পার হয়েই বাজারের পার্শ্ববর্তী গ্রামের শত শত গবাদিপশু প্রতিদিন বিস্তীর্ণ হাওরে নিয়ে যান এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কটি চার লেনে উন্নীত হলে যানবাহনের গতি ও সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে।
এই ব্যস্ততম বাজার হয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী স্থানীয় উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। বর্তমান নকশা অনুযায়ী সাধারণ সমতলে ফোর লেন সড়ক নির্মিত হলে রাস্তা পারাপারে মারাত্মক ঝুঁকি তৈরি হবে, যা স্কুলগামী শিশু থেকে শুরু করে বৃদ্ধদের জন্য বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এছাড়া বাজারের স্বাভাবিক ব্যস্ততার কারণে মহাসড়কে প্রতিনিয়ত তীব্র যানজটেরও শঙ্কা রয়েছে।
এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থানীয় গ্রামবাসী ও ব্যবসায়ীদের প্রাণের দাবি, ফোর লেন প্রকল্পের চূড়ান্ত নকশাতেই যেন বুল্লা বাজার এলাকায় একটি প্রশস্ত আন্ডারপাস যুক্ত করা হয়। আন্ডারপাস নির্মিত হলে পথচারী ও কোমলমতি শিক্ষার্থীরা সম্পূর্ণ নিরাপদে রাস্তা পার হতে পারবে। এতে সড়ক দুর্ঘটনা যেমন শূন্যের কোঠায় নেমে আসবে, তেমনি মহাসড়কের দূরপাল্লার যানবাহনগুলোও কোনো যানজট ছাড়াই দ্রুতগতিতে চলাচল করতে পারবে।
আন্ডারপাস হতে পারে রাজস্ব আয়ের উৎস:
এলাকাবাসীর মতে, এই আন্ডারপাসটি শুধু নিরাপদ চলাচলের জন্যই নয়, বরং অর্থনৈতিকভাবেও কাজে লাগানো সম্ভব। আন্ডারপাসের ভেতরের অংশে সরকারিভাবে পরিকল্পিত দোকানপাট বা আধুনিক আন্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণ করে ব্যবসায়ীদের মাঝে বরাদ্দ দেওয়া যেতে পারে। এতে করে যেমন সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে, তেমনি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও নতুন করে ব্যবসা-বাণিজ্যের সুযোগ পাবেন।
উন্নয়নের মহাসড়কে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছেন বুল্লা বাজারের ব্যবসায়ী ও লাখাইয়ের সর্বস্তরের জনসাধারণ। ফোর লেনের কাজ চূড়ান্ত হওয়ার আগেই আন্ডারপাসের বিষয়টি মূল নকশায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.