স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২১টি পূজামণ্ডপে চাল বরাদ্দ এবং চা-শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার শর্মা।
তিনি জানান, বিগত সরকারের আমলের তুলনায় এবার সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সরকারি উদ্যোগে ৬০০ কেজি চালের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে আরও ৫৭০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া চা-শ্রমিকদের জন্য ১ হাজার ৭০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।
এবার জৈন্তাপুর উপজেলার ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, বিজিবি, থানা পুলিশ, আনসার বাহিনী, গ্রামপুলিশ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রদীপ কুমার শর্মা।
তিনি বলেন, সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সমন্বিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। ২১টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দায়িত্ব পালনকারী সবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
দুর্গাপূজায় সহযোগিতা ও বরাদ্দ প্রদানের জন্য বিএনপি সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সংশ্লিষ্ট সবার প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
প্রদীপ কুমার শর্মা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট থাকবে এবং ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.