
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে মানব পাচারকারীসহ দুইজনকে আটক করেছে সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর টহল দল। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকা থেকে বাঁশতলা বিওপি টহল দল তাদের আটক করে।
আটক মানব পাচারকারী মো. আমির (২২) দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে। আটক দুই ব্যক্তি হলেন-যশোর জেলার ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের আবুল হোসেন (৪২) এবং বেনাপোল সীমান্ত এলাকার ফাতেমা বেগম (১৮)।
বিজিবি তথ্যমতে, স্থানীয় মানব পাচারকারী মো. আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ঘটনার দিন তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারত পাচার করার জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তি পালিয়ে গেছে। তারা হলো- দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে অনিক মিয়া (২৪) এবং একই গ্রামের নওশা খাঁ এর ছেলে মো. আলাউদ্দিন (৫৪)।আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারত আত্মীয়স্বজন থাকায় তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারত অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
আটক মানব পাচারকারী মো. আমির ও দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির।