মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ২০ হাজার ৪৩০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির সদস্যরা। শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার রাজাপুর কাকিয়াবাজার এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের সিজার মূল্য ৪০ লাখ ৮৬ হাজার টাকা। তবে এ সময় সিগারেটের কোনো মালিককে পাওয়া যায়নি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর বিশেষ টহল দল ও এসআরবির সদস্যরা গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিকবিহীন অবস্থায় আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটগুলো উদ্ধার করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
১১৫ কিলোমিটার সীমান্তে নজরদারি
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে। প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে বাহিনীটি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সূত্র: শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর প্রেস বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.