"আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবেন’, ফেইসবুকে এমন স্ট্যাটাস দিলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।
আরিফুর রহমান বর্তমানে রাজধানীর পান্থপথ এলাকায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার তাঁর স্ত্রী ও উপজেলা প্রশাসনের এক কর্মী তাঁকে সিলেট থেকে ঢাকায় নিয়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক খোঁজ-খবর রাখা হচ্ছে।
জানা গেছে, গেল শুক্রবার রাতে আরিফুর রহমান তার দাপ্তরিক ফেইসবুক পেইজে পর পর দুটি পোস্ট দেন। একটিতে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবেন।” অন্যটিতে লেখেন, “আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।” এসব পোস্ট দেখে পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তার বাসায় যান।
জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদক গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাতে তার তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে স্ত্রীসহ উপস্থিত ছিলেন আরিফুর রহমান। অনুষ্ঠান থেকে বের হওয়ার পর তিনি ফেইসবুক পোস্ট দেন। পরে তার বাসায় গিয়ে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। তিনি পরিচিত ব্যক্তিদেরও চিনতে পারছিলেন না। এর আগে বাসায় থাকা এক আনসার সদস্যকে মারধর এবং টেবিলের কাচ ভাঙার ঘটনাও ঘটে। পরে ঘুমের ওষুধ দেওয়ার পরও তার আচরণের পরিবর্তন না হওয়ায় স্ত্রী তাকে সিলেটে নিয়ে যান। প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
ইউএনও শিল্পী রানী মোদক বলেন, প্রথমে আরিফুর রহমানের মোবাইল ফোন হ্যাক হওয়ার কথা শোনা গেলেও পরে তার স্ত্রী জানান, ফোন হ্যাক হয়নি। আরিফুর রহমান নিজেই পোস্টগুলো দিয়েছিলেন। পরে তার স্ত্রী পোস্টগুলো মুছে দেন।
আরিফুর রহমান শান্ত বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা। গত দুই মাস আগে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন তিনি। এরপর পরিবার নিয়ে সেখানে অবস্থান করে আসছিলেন এই এসিল্যান্ড।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.