সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খানকে পদায়ন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে তাঁকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ১৩ অক্টোবর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগে যোগদান করা বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খানকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি ইউএনও হিসেবে দায়িত্ব পালনের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। ২৫ অক্টোবর তাঁকে ওই কার্যালয় থেকে অবমুক্ত করা হয়।
পদায়ন আদেশ অনুযায়ী, মোহাম্মদ আবুল হাসনাত খান নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন। একই সঙ্গে তাঁকে নিজ অধিক্ষেত্রে সার্টিফিকেট অফিসার হিসেবে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কালেক্টরকে অনুমতি দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, জৈন্তাপুরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সুনন্দা রায়কে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ আবুল হাসনাত খান।
নতুন ইউএনওর পদায়নের মধ্য দিয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনে দায়িত্বে পরিবর্তন আসছে। তাঁর যোগদানের পর উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা ও সরকারি উন্নয়ন কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.