জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। উদ্ধার ও জব্দ করা অস্ত্র এবং অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এয়ারগান ও ওয়াকিটকি সেটের সিজার মূল্য ১১ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি ৮৫ পিস, জিরা ৬০০ কেজি, মহিষ ৩টি, গরু ১টি, বিভিন্ন প্রকার শ্যাম্পু ২৮৮ পিস, পন্ড ফেসওয়াশ ৪০০ পিস এবং চা-পাতা ৭০ কেজি জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।
দুটি অভিযানে উদ্ধার ও জব্দ করা সব মালামালের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২০ লাখ ৮৩ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
উদ্ধার করা এয়ারগানটি কানাইঘাট থানা পুলিশের হেফাজতে দেওয়ার কার্যক্রম এবং অন্যান্য জব্দ করা মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.