মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় জড়িত থাকার অভিযোগে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ নিয়ে মামলাটিতে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া দুই আসামির কাছ থেকে লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন, একটি স্মার্টফোন এবং ঘটনার সময় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) শ্রীমঙ্গল থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় দস্যুতার অভিযোগে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ পারভেজ ভূইয়া, এসআই বাবলু কুমার পাল ও এসআই দিপংকর হালদারসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে গত ১৫ অক্টোবর মামলার এজাহারভুক্ত আসামি মো. ইমরান আহমেদ (২৯) ও মো. ইসমাইল মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন, শাওমি ব্র্যান্ডের রেডমি-৯ মডেলের একটি স্মার্টফোন এবং ঘটনার সময় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে গত ৩১ অক্টোবর একই মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কাউসার আহমেদ সবুজ (৩৬) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তথ্যসূত্র: শ্রীমঙ্গল থানা-পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.